আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানেরকাবুল–কান্দাহারে বিমান হামলা, বাড়ছে সীমান্ত উত্তেজনা
আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে দেওয়া পোস্টে খাজা মোহাম্মদ আসিফ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাকিস্তান সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালিয়েছিল। তাঁর ভাষ্য, “পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক পোস্টে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া হবে ব্যাপক ও চূড়ান্ত।”
কাবুলে অবস্থিত আল জাজিরা–এর সংবাদদাতা নাসের শাদিদ জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে কাবুলে প্রথম দফা বোমা নিক্ষেপ করা হয়। কিছু সময় পর আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে প্রাথমিকভাবে হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, এতে দুই পাকিস্তানি সেনা নিহত হন। এর জবাব হিসেবেই কাবুল ও কান্দাহারে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত রোববারও আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানিয়েছিল, সে হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ইসলামাবাদের দাবি, ওই অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে কাবুল জানায়, নিহতের সংখ্যা ১৮।
ওই হামলার পর ‘প্রতিশোধমূলক অভিযান’ চালানোর ঘোষণা দেন তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি। এরপরই কাবুল ও কান্দাহারে পাকিস্তানের পাল্টা হামলার ঘটনা সামনে আসে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে নতুন করে সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে।
