আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে নকলমুক্ত, সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় (জুম প্ল্যাটফর্মে) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী স্পষ্টভাবে বলেন, পরীক্ষা নিয়ে কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো যাবে না। প্রতিটি পরীক্ষাকক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস ব্যবহারেরও নির্দেশ দেন তিনি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে এসব ব্যবস্থা কার্যকর নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
নকল প্রতিরোধে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অতীতেও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, “আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার্থীদের খাতা যথাযথভাবে যাচাই করে নম্বর দিতে হবে—কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।
প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। একইসঙ্গে একটি মেধাভিত্তিক জাতি গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানসহ কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
