উৎসবের আমেজে সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন প্রান্তের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি রূপ নেয় দীর্ঘ লাইনে। নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ ভোটার—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেক কেন্দ্রেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলা পর্যায়েও সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে এসেছেন, আবার কেউ এসেছেন বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে।
উৎসবের আমেজে সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ…..
এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে ঘোষণা করা হবে কাঙ্ক্ষিত ফলাফল।
