কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। তবে দগ্ধ হওয়ার কারণে নিহতদের পরিচয় কিংবা তারা নারী না পুরুষ—তা এখনো নিশ্চিত করা যায়নি।
শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার অভিযান চালিয়ে পাঁচটি মরদেহ পাওয়া গেছে এবং এখনও অনুসন্ধান কার্যক্রম চলছে।
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার………
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সাতটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা জানতে তদন্ত চলছে।
