কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় ও সত্যের প্রশ্নে তাঁর দল কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। নির্বাচনোত্তর পরিস্থিতিতে দেশজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগ তুলে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান দেশব্যাপী বিভিন্ন স্থানে “একটি বিশেষ দলের উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের” অভিযোগ উল্লেখ করেন। তিনি দাবি করেন, ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু জায়গায় নারী সমর্থকদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক।
কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান…
তিনি বলেন, “ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো এখন সময়ের দাবি। এটি মানবতার প্রতি দায়িত্ব, মহান আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এবং দেশপ্রেমের অঙ্গ বলেও মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।
পোস্টের শেষাংশে তিনি আল্লাহর সাহায্য কামনা করে বলেন, এই সংকটময় সময়ে কোনো ধরনের দুর্বলতার সুযোগ নেই; ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।
