Uncategorized

চরমোনাইয়ে ভোট দিলেন ইসলামী আন্দোলনের আমির, বরিশালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

সকালে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলে। একই সময় গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবমুখর পরিবেশ, চোখে পড়ার মতো নারী ভোটার উপস্থিতি

সকাল থেকেই নগরী ও বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

চরমোনাইয়ে ভোট দিলেন ইসলামী আন্দোলনের আমির, বরিশালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ….

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন। তারা ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতাও করছেন।

কঠোর নিরাপত্তা বলয়

নির্বাচনকে ঘিরে বরিশাল জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের অধীনে সাধারণ কেন্দ্রে দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলায় মোট ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যের পাশাপাশি ৯৯টি মোবাইল টিম ও ১২টি স্ট্রাইকিং টিম মাঠে কাজ করছে।

প্রতি উপজেলায় গড়ে ১০০ জন এবং মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন সেনাসদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে সেনা পেট্রল টিম দায়িত্ব পালন করছে। বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। বরিশাল সদরে পাঁচ প্লাটুন এবং বাকি উপজেলাগুলোতে নয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে রয়েছেন। র‌্যাবের ছয়টি বিশেষ পেট্রল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।

নদীবেষ্টিত হওয়ায় হিজলা, মেহেন্দিগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করা হয়েছে। জলপথে নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’ টহল দিচ্ছে, যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করছেন। কোস্টগার্ডের দেড় শতাধিক সদস্য এবং নৌপুলিশও নদী এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বে রয়েছেন। সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে।

ছয় আসনে ভোটের লড়াই

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ছয় প্রার্থীর বিপরীতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। বরিশাল-১ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৮১৭ জন, বরিশাল-২ আসনে ৩ লাখ ৮০ হাজার ৪৯৬ জন, বরিশাল-৩ আসনে ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ জন, বরিশাল-৪ আসনে ৪ লাখ ১৭ হাজার ৫৪ জন এবং বরিশাল-৬ আসনে ৩ লাখ ১০ হাজার ৪৯৭ জন।

প্রতিটি আসনেই নারী ভোটারের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। কয়েকটি আসনে তৃতীয় লিঙ্গের ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে বরিশালে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *