প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে আসা একটি সংসদীয় প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, বিকেল তিনটার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ, তবে আলোচনায় উঠে আসে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়।
১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সংসদীয় গণতন্ত্রের চর্চা জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো।
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ………..
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার স্পিকার বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। তিনি দুই দেশের সংসদীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে নিয়মিত প্রতিনিধি দল বিনিময় এবং অভিজ্ঞতা ভাগাভাগির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
