বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি, ভাষার গৌরবের স্মরণ
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—এই অমর পংক্তির মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে বাঙালির ভাষার মাস। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করার মাস এটি। তাই ফেব্রুয়ারি বাঙালির কাছে শুধু একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি আবেগ, আত্মপরিচয় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার এক অনন্য সময়।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। তাদের রক্তের বিনিময়েই বাঙালি অর্জন করে মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি। সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মরণে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা কর্মসূচি।
১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব ভাষাভাষী মানুষের অধিকার ও ভাষাগত বৈচিত্র্য রক্ষার প্রতীকে পরিণত হয়েছে।
বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি, ভাষার গৌরবের স্মরণ…..
ভাষা আন্দোলনের ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে এক সভায় ঘোষণা দেন—‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়।’ একই বক্তব্য কার্জন হলেও পুনরাবৃত্তি করলে ছাত্রদের তীব্র প্রতিবাদে তিনি অপ্রস্তুত হন। এরপরই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজের আন্দোলন গতি পায়।
১৯৪৭ সাল থেকে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই পূর্ব বাংলাজুড়ে বিস্তৃত হয়। আন্দোলন দমনে সরকার ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ মিছিল শুরু করেন। ঢাকা মেডিকেল কলেজের কাছে পুলিশ গুলিবর্ষণ করলে শহীদ হন একাধিক আন্দোলনকারী। সেই রক্তাক্ত দিনই ইতিহাসে অমর একুশে হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকে।
ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শুরু থেকেই সাধারণত নানা কর্মসূচির মাধ্যমে এই চেতনা ছড়িয়ে দেওয়া হয়। তবে জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাসসহ বিভিন্ন কারণে এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে না অমর একুশে বইমেলা।
তবু সব প্রতিবন্ধকতার মাঝেও ফেব্রুয়ারি বাঙালির হৃদয়ে অমলিন। ভাষাশহীদদের আত্মত্যাগ আর মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা নিয়েই প্রতিবছর ফিরে আসে এই গৌরবের মাস—ফেব্রুয়ারি।
