বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুস্থ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি মনে করেন, ভিন্নমত দমন না করে বরং তা সম্মানের সঙ্গে গ্রহণ করার মধ্য দিয়েই নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতার দাবিই ছিল ‘জুলাইয়ের’ মূল চেতনা। দীর্ঘ ১৭ বছরের ‘ফ্যাসিবাদী শাসনামলে’ শুধু তার দল নয়, বর্তমান ক্ষমতাসীন দলও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের সেই অন্ধকার সময়ে দেশে যে সংকুচিত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, সেখানে মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়েছিল। তিনি স্পষ্টভাবে জানান, জাতি আর সেই পরিস্থিতিতে ফিরে যেতে চায় না।
রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তবেই জনগণের মতামত প্রতিফলিত হবে এবং গণতন্ত্র শক্ত ভিতের ওপর দাঁড়াবে।
