Uncategorized

ভারত–চীন সম্পর্ক উন্নয়নের বার্তা শি জিনপিংয়ের

ভারত ও চীনকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সi

ভারত–চীন সম্পর্ক উন্নয়নের বার্তা শি জিনপিংয়ের….

শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে। এই অগ্রগতি শুধু দুই দেশের জন্য নয়, বরং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। শি জোর দিয়ে বলেন, চীন সবসময়ই বিশ্বাস করে—ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে একসঙ্গে এগিয়ে যাওয়াই দুই দেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত ও সঠিক পথ।

চীন–ভারত সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি পারস্পরিক উদ্বেগ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করে একটি সুস্থ, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশ এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। ১৯৫০-এর দশক থেকেই সীমান্ত নিয়ে বিরোধ চলে আসছে। সর্বশেষ ২০২০ সালে সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও কয়েকজন চীনা সেনা নিহত হলে দ্বিপক্ষীয় সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়।

তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করার দিকেও মনোযোগ দিচ্ছে ভারত ও চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *