শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির ও বিএনপি নেতারা
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তারা সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এর আগে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি একে একে সংসদ প্রাঙ্গণে ঢুকতে শুরু করে।
সংসদের রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রথমে অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে সংসদ ভবনে উপস্থিত হন।
শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির ও বিএনপি নেতারা……
শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ভেতরে প্রবেশের অনুমতি দেন।
উল্লেখ্য, টানা ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করলেন। ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করে দলটি সংসদের বাইরে ছিল। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সেদিনই ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
দীর্ঘ সময় পর সংসদে ফিরে আসাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সংসদে তাদের ভূমিকা কীভাবে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।
