শিক্ষা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন—সাপ্তাহিক ছুটি কমিয়ে চালু হচ্ছে অনলাইন-অফলাইন মিলিয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতি
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশের শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। করোনাকালে চালু হওয়া অনলাইন ক্লাস পদ্ধতিকে নতুনভাবে ফিরিয়ে আনার পাশাপাশি এবার তা অফলাইন ক্লাসের সঙ্গে সমন্বয় করে ‘ব্লেন্ডেড লার্নিং’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নয়, বরং সক্ষমতা অনুযায়ী বাছাইকৃত কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নতুন ব্যবস্থায় সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে, যার মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চলবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও শনিবার আর ছুটি হিসেবে থাকবে না।
শিক্ষামন্ত্রী আরও জানান, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, শুধুমাত্র সেখানেই এই পদ্ধতি চালু করা হবে।
এদিকে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা যায়।
নতুন এই উদ্যোগকে শিক্ষা খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শিক্ষার্থীদের সময় ও যাতায়াতের চাপ কমানোর পাশাপাশি প্রযুক্তির সঙ্গে তাদের আরও বেশি সম্পৃক্ত করবে।
