Uncategorized

সমঅধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সবার জন্য সমতা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “সমাজের প্রতিটি মানুষেরই আলাদা আলাদা সমস্যা রয়েছে। তবে সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব।” তিনি নগরবাসী ও ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো বোঝাই বিএনপির রাজনীতির মূল শক্তি।

সমঅধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: ডা. জুবাইদা রহমান…..

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হলো সুপরিকল্পিত ও জনকল্যাণমূলক রাজনীতি। “এখন সময় গৌরবের নতুন সূর্যোদয়ের। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”

বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, দলটি শ্রমের মর্যাদা, মেধার সঠিক মূল্যায়ন, মেধাভিত্তিক নিয়োগ এবং ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। “শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি,” বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান জানান, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে থাকবে জনতা। “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আজ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা ঐক্যবদ্ধ। আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে উপস্থিত হয়ে আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। আমরা সেগুলো আরও মনোযোগ দিয়ে শুনবো, জানবো এবং সমাধানের চেষ্টা করবো।”

তিনি বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কীভাবে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা যায়—সেই লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *