সমর্থন ছিল বলেই বিএনপি জনগণকে ছেড়ে যায়নি: তারেক রহমান
বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি—এমন মন্তব্য করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দলটি রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে চায়। তাঁর ভাষায়, “বিএনপির কাছে সারা দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা সেই প্রত্যাশা পূরণে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছি।”
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে তাঁকে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। “খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এই দেশের মাটিতেই থেকেছেন। জনগণকে ছেড়ে কোথাও যাননি। তাই আমাদেরও শেষ ঠিকানা এই দেশ,” বলেন তারেক রহমান।
সমর্থন ছিল বলেই বিএনপি জনগণকে ছেড়ে যায়নি: তারেক রহমান….
তিনি আরও বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে—জনগণই দলের রাজনৈতিক শক্তির মূল উৎস। দলের জন্মলগ্ন থেকেই জনগণের সমর্থন বিএনপির সঙ্গে ছিল। সেই সমর্থন ছিল বলেই বিএনপি কখনো জনগণকে রেখে দেশ ছেড়ে যায়নি।
পথসভায় প্রবাসে যেতে আগ্রহী নাগরিকদের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, বিদেশগামীদের যেন জমি বা সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশ যাওয়ার খরচ বহন করতে পারবে এবং পরবর্তীতে বিদেশে উপার্জিত অর্থ দিয়ে তা পরিশোধ করতে পারবে।
দেশের তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে তারা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে এবং একই সঙ্গে দেশের বেকারত্ব হ্রাস পাবে।
