সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (ভোটের আগের দিন) বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী প্রথমে বিমানবন্দরে বেলাল উদ্দিনকে আটক করে এবং পরে থানায় খবর দেয়। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ গণনা করে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে দুপুরের দিকে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির কাছে অর্ধকোটি টাকার বেশি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। পরে সবার উপস্থিতিতে টাকা গুনে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক…..
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরে আসেন। তাঁর ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিমানবন্দরে তাঁর সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নানও ছিলেন। তবে তাঁকে আটক করা হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান জানান, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায় এবং তিনি পেশায় শিক্ষক। ব্যাগে থাকা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে।” টাকার উৎস সম্পর্কে তিনি দাবি করেন, এটি তাঁর ব্যবসা ও গার্মেন্টস সংক্রান্ত অর্থ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা জানান, বুকে ব্যথা অনুভব করায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অর্থের উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। নির্বাচনের প্রাক্কালে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে। জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
