স্কুলের সময় রাজধানীতে তীব্র যানজট নিরসনে কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীতে স্কুল শুরু ও ছুটির সময় সৃষ্ট যানজট কমাতে কী ধরনের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যায়—তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত একটি সুসংগঠিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, একটি স্কুলে অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি স্কুলগেটের সামনে জড়ো হয়, যা আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি করে। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে সম্ভাব্য সমাধান হিসেবে স্কুল বাস ব্যবস্থার উন্নয়ন, সময়সূচির সমন্বয় এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতও সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
