বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি—তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই সরকারের অংশ থাকা জামায়াতে ইসলামীর দুই মন্ত্রী কেন পদত্যাগ করে সরকার ছেড়ে যাননি—এই প্রশ্নের উত্তর জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “অতীতে রাষ্ট্র পরিচালনা করা কোনো দলই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা কখনো দুর্নীতিতে জড়ায়নি। বরং একটি দল তো দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হওয়ার ‘কৃতিত্ব’ও অর্জন করেছে।”
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি—তারেক রহমান..
তিনি আরও বলেন, “আজ একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বাধীন স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের ভাষা ব্যবহার করেই বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তারা দাবি করছে, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরই দুইজন মন্ত্রী বিএনপির সরকারে ছিলেন—এই বাস্তবতা তারা কেন অস্বীকার করে?”
বিএনপির এই নেতা বলেন, “বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান বলছে, বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির নিম্নগতি থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল।”
তিনি অভিযোগ করেন, যারা আজ বিএনপিকে দোষারোপ করছে, তাদের দুই প্রতিনিধি পুরো মেয়াদজুড়েই বিএনপি সরকারের অংশ ছিল। “এতেই প্রমাণ হয়, তারা নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যা কথা বলছে,” বলেন তারেক রহমান।
ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে। কড়াই-গণ্ডা হিসাব বুঝে আনতে হবে। কারণ এর আগেও আমাদের ভোট লুট করা হয়েছে।”
তারেক রহমান আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তাহলেই আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম প্রয়োজন ভোটাধিকার নিশ্চিত করা। “এই অঞ্চলে নদীভাঙন, কর্মসংস্থানসহ নানা সমস্যা রয়েছে। গত ১৫ বছর ভোটের অধিকার না থাকায় এসব সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি,” বলেন তিনি।
