ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দিয়ে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে বিএনপি। তিনি বলেন, “এক পক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদীর আকণ্ঠ ডুবে আছে।”
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা উপলক্ষে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ……
হাসনাত আবদুল্লাহ বলেন, “এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে ১০০ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ৩০০ টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের নির্যাতনে মানুষ ব্যবসা-বাণিজ্য ছেড়ে ভয়ে ঘরে বসে আছে।”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে বরং এন্টি-চাঁদাবাজি কার্ড দিন।” এ সময় তিনি মন্তব্য করেন, “এক পক্ষ শহীদ হাদীকে গিনিপিগ বলছে, অথচ সারাদেশের মানুষ আজ হাদী হতে চাইছে।”
এলাকার সার্বিক সমস্যা তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকার পরও এ অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। কর্মসংস্থান সৃষ্টি হয়নি, শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। বছরের পর বছর হাসিনা সরকারের লুটেরা গোষ্ঠী এখানকার সম্পদ লুট করেছে।”
মাদক সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানদের নিজেদের অপকর্মে যুক্ত করে মাদকে ডুবিয়ে জীবন ধ্বংস করেছে। দিনাজপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটের নয়, দেশ পরিবর্তনের নির্বাচন। আপনাদের বেছে নিতে হবে—চাঁদাবাজি, লুটতরাজ ও মাদক, নাকি দেশ পরিবর্তন।”
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বড় বিপদের মুখে পড়বে। এ ধরনের পদক্ষেপ দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।”
তিনি অভিযোগ করে বলেন, “ধানের শীষের বাইরে ভোট দিলে দেখে নেওয়া হবে—এমন হুমকি দিয়ে একটি দল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। কেউ বিকল্প পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে, হাসিনার মতো তাদেরও দিল্লি পাঠিয়ে দেওয়া হবে।”
সজীব ভূঁইয়া আরও বলেন, “দিল্লির সবুজ সংকেতে ফ্যাসিস্টরা আবার ক্ষমতা দখলের চেষ্টা করছে। দেশের মানুষ তাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত। ১১ দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।”
