Thursday, February 19, 2026
Latest:
Uncategorized

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, দেশে দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ বা জোরজবরদস্তির কোনো স্থান নেই—রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি হবে আইনের শাসন। প্রতিটি সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতিমালার আলোকে।

গতকাল রাতে দেওয়া এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত হয়। বক্তব্যে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার ব্যবস্থাপনা, যোগাযোগ খাত, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং রাজধানীর যানজটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন।

সবার সরকার, সবার অধিকার

প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি—সবাই এই সরকারের সমান অংশীদার। তিনি স্পষ্ট করে বলেন, “দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার।” একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান এবং সরকার সেই অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান…..

তিনি আরও বলেন, বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে চায়। একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা: সর্বোচ্চ অগ্রাধিকার

প্রধানমন্ত্রী স্বীকার করেন, ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল শাসন কাঠামোর মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করেছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।

মাদক ও জুয়ার বিস্তারকে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সতর্কতা

ব্যবসায়ী সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষা করেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন।

রমজান মাসে নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

যানজট নিরসনে রেল যোগাযোগে জোর

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ক্রমবর্ধমান যানজটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনদুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি। রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে এবং মানুষ যেন নিজ নিজ জেলা থেকেই সহজে অফিস-আদালত ও ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে সারাদেশে রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মিতব্যয়িতায় দৃষ্টান্ত স্থাপন

সরকারি ব্যয়ে সংযম প্রদর্শনের অংশ হিসেবে তিনি জানান, দলের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বা প্লট সুবিধা নেবেন না—এমন সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। সরকারের মন্ত্রী ও এমপিদের মাধ্যমেই কৃচ্ছ্রসাধনের দৃষ্টান্ত স্থাপন করতে চান বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করেই সরকার এগিয়ে যেতে চায়। তাঁর ভাষায়, “আইনের শাসন প্রতিষ্ঠাই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *