জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সারজিস আলম বলেন, দলীয়ভাবে শক্ত অবস্থান তৈরি করেই এনসিপি নির্বাচনে অংশ নিতে চায়। তিনি উল্লেখ করেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। একইভাবে জামায়াতও তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলটির দাবি, গত এক বছরে এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। পর্যাপ্ত সময় ও সুযোগ পেলে সংসদে তাদের আসন সংখ্যা বর্তমান ৬টি থেকে আরও বাড়তে পারত বলেও মন্তব্য করেন সারজিস আলম।
সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার দলীয় ঘনিষ্ঠদের এসব পদে বসিয়েছে। তার ভাষ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, এনসিপি দেশের প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ছয় সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি কর্পোরেশন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলেও তিনি জানান।
দলীয় নেতাদের ভাষ্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর মাধ্যমে এনসিপি আসন্ন নির্বাচনে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে চায়।
