Uncategorized

আগামী মাসেই কৃষকদের হাতে পৌঁছাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের কৃষকদের জন্য ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে এবং আগামী মাসের মধ্যেই এটি কৃষকদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সভায় সভাপতিত্ব করেন মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আগামী মাসেই কৃষকদের হাতে পৌঁছাবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী…..

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আজ আমরা যেমন ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরেছি, ঠিক তেমনি আগামী মাসের মধ্যেই কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দিতে পারব—ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, কৃষকদের সহায়তার অংশ হিসেবে সরকার ইতোমধ্যে কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—সরকার গঠন করতে পারলে কৃষকদের কৃষিঋণ মওকুফ করব। আল্লাহর রহমতে গত সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।”

সরকারের লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন করা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *