সীতাকুণ্ডে বিকল বাসের যাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিকল বাস মেরামতের অপেক্ষায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায় একটি দ্রুতগতির লরি। মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডে বিকল বাসের যাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের….
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাপলা পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিলেন যাত্রীরা। পথে কুমিরা রয়েল গেট এলাকায় পৌঁছানোর পর বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক ও তাঁর সহকারী বাসটি মেরামতের চেষ্টা করছিলেন। অন্যদিকে, বাস থেকে নেমে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।
এমন সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত চারজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।
