Sports

বাংলাদেশের দাবি উপেক্ষিত হলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় পাকিস্তান

বাংলাদেশের দাবি উপেক্ষিত হলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় পাকিস্তান

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে ইতোমধ্যে একাধিক দফা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এরই মধ্যে এই জটিলতা নতুন মাত্রা পেয়েছে।

বাংলাদেশের দাবিগুলো মানা না হলে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান—এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে ঢাকা। একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সহায়তা চাইতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বাংলাদেশের দাবি উপেক্ষিত হলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় পাকিস্তান..

সূত্রটি আরও জানায়, বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু সংক্রান্ত সমস্যার কোনো গ্রহণযোগ্য সমাধান না হলে পাকিস্তানও তাদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারে।

এদিকে বাংলাদেশের ভেন্যু সমস্যা ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনার জন্য শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।

আইসিসির সঙ্গে বৈঠক শেষ হলেও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি পুনরায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ তুলে ধরা হয়েছে। বিশেষ করে দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিরাপত্তা নিয়ে আইসিসির দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় আসে। বিসিবি জানায়, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্বকাপকে ঘিরে এই কূটনৈতিক ও নিরাপত্তা জটিলতা আগামী দিনগুলোতে আরও কীভাবে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *