চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক রয়েছে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রামের সঙ্গে তার এবং তার পরিবারের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং আত্মিক ও আবেগের। তিনি বলেন, “এই চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। আবার এই চট্টগ্রামেই বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। ফলে চট্টগ্রামের সঙ্গে আমাদের পরিবারের এক গভীর আবেগের বন্ধন রয়েছে।”
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন নতুনভাবে রক্ষা করেছে। আজ দেশের মানুষ এমন একটি অর্থবহ পরিবর্তন চায়, যার মাধ্যমে প্রতিটি নাগরিক উন্নত শিক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতভাবে পাবে।”
চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক রয়েছে: তারেক রহমান…
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করলেই মানুষের সমস্যার সমাধান হয় না। “কারও সমালোচনায় পেট ভরে না। বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই জনগণের কল্যাণে কাজ করেছে,”—বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, কৃষকদের সুবিধা দিতে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় নগরবাসী দুর্ভোগে পড়েছে। এ সমস্যা সমাধানে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি জনসভায় উপস্থিত জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
শিল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গে তারেক রহমান বলেন, চট্টগ্রামে অবস্থিত একাধিক ইপিজেডে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা বিএনপির শাসনামলেই গড়ে উঠেছিল। আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনলে আরও ইপিজেড স্থাপন করা হবে এবং চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি বিষয়ে কঠোর নজরদারি জরুরি—মানুষের নিরাপত্তা ও দুর্নীতি দমন। “অতীতে বিএনপি সরকারে থাকাকালে দলের কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হয়নি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে,”—বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। নতুন করে ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ অবস্থায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ওপর আস্থা রাখুন।”
জনসভায় তিনি ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকালে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর আহ্বান জানান।
