অসৎ কাজ থেকে দূরে থাকায় আমার বুকের জোর বেশি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তাঁর জীবনের প্রায় ১৫ বছর কেটে গেছে। তবুও তিনি সততার পথ থেকে সরে যাননি বলেই আজ আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের সামনে দাঁড়াতে পারছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অসৎ কাজ থেকে দূরে থাকায় আমার বুকের জোর বেশি: মির্জা ফখরুল….
মির্জা ফখরুল বলেন, “এখন মানুষের সামনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। যদি সঠিকভাবে এই অধিকার প্রয়োগ করা যায়, তাহলে দেশ ও জাতির জন্য সঠিক মানুষকে বেছে নেওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “অনেকে বলে রাজনীতিবিদরা চোর। কিন্তু আমার ব্যাপারে আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ তুলতে পারেনি। আল্লাহর রহমতে আমি সব ধরনের অসৎ কাজ থেকে নিজেকে দূরে রেখেছি। সে কারণেই আমার বুকের জোর অনেক বেশি।”
সততার সঙ্গে রাজনীতি করার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আমি নিজের কাছে পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার। এটাই আমার সবচেয়ে বড় শক্তি।”
এ সময় তিনি নিজের জন্য সবার দোয়া ও ভোট প্রার্থনা করেন। নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।
