আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধীদলীয় জোট। এদিন প্রথমবারের মতো দলীয়ভাবে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জোটটি।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জোটের নেতারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। রাত ১২টা ১০ মিনিটে ডা. শফিকুর রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হুসেইনসহ জোটের অন্যান্য নেতারা।
এর আগে একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
