কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, শুধু রমজান মাস এলেই ধর্মীয় আবহ তৈরি করলেই হবে না; বরং সারা বছরই সেই চর্চা ও আমল বজায় রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, রমজানে যেমন অনেকের মাঝে ইবাদতের আগ্রহ দেখা যায়, সেই ধারাবাহিকতা যেন বাকি ১১ মাসও অব্যাহত থাকে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আমির হামজা বলেন, “আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদতে মনোযোগী হয়েছেন। আমরা চাই, এই পরিবর্তন শুধু রমজানকেন্দ্রিক না হয়ে সারা বছরের জন্য স্থায়ী হোক। এখন যেমন আপনাদের চেহারা-সুরত ও কর্মে ধর্মীয় আবহ দেখছি, আগামী ১১ মাসও তা যেন একইভাবে থাকে।”
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নানা আলোচনা, ইঞ্জিনিয়ারিং বা কৌশলের কথা থাকলেও শেষ পর্যন্ত গণতন্ত্রেরই বিজয় হয়েছে। ভবিষ্যতে গণমাধ্যমের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। “ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখাবেন না,”— যোগ করেন তিনি।
সাংবাদিকতার পেশাকে তিনি “মহান দায়িত্ব” হিসেবে উল্লেখ করে বলেন, “আপনারা যে তথ্য জাতির সামনে তুলে ধরেন, সেটি শুধু পেশাগত কাজ নয়— এটি ইবাদতেরও অংশ হতে পারে, যদি তা সততা ও দায়বদ্ধতার সঙ্গে করা হয়।”
ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে এবং শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন। এ সময় গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
