চানখারপুলে শিক্ষার্থী হত্যাকাণ্ড
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায়ের সম্পূর্ণ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক ছিলেন।
চানখারপুলে শিক্ষার্থী হত্যাকাণ্ড…
এছাড়া মামলার অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রমনা বিভাগের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
হত্যাকাণ্ডের পটভূমি
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।
এ মামলায় মোট আটজন পুলিশ কর্মকর্তা আসামি ছিলেন, যাঁরা সবাই ঘটনার সময় দায়িত্বে কর্মরত ছিলেন। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হলেও বাকি চারজন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
তদন্ত ও বিচারপ্রক্রিয়া
গত বছরের ২১ এপ্রিল তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
এই রায়ের মাধ্যমে শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
