Uncategorized

জোট ভাঙলেও চরমোনাই পীরের ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াত

নির্বাচনী জোট ভেঙে গেলেও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, সেই আসনে তাঁর প্রতি সম্মান জানিয়ে জামায়াত কোনো দলীয় প্রার্থী দেবে না।

রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। ডা. তাহের বলেন, “ফয়জুল করীমের বিরুদ্ধে জামায়াতের যে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন।”

জোট ভাঙলেও চরমোনাই পীরের ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াত…

মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ছোট ভাই। তিনি বরিশাল-৫ ও বরিশাল-৬—এই দুই আসনে প্রার্থী হয়েছেন। তবে জামায়াত ঠিক কোন আসনে তাঁকে সমর্থন দেবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি আবদুল্লাহ তাহের। এর আগে শনিবার সমকাল–কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফয়জুল করীম শেষ পর্যন্ত যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই আসনে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে জামায়াত প্রার্থী দেবে না।

উল্লেখ্য, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আটটি দল একটি জোট গঠন করে। পরে ডিসেম্বরের শেষ সপ্তাহে এনসিপিসহ আরও তিনটি দল সেই জোটে যোগ দেয়।

তবে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের জেরে গত শুক্রবার ইসলামী আন্দোলন জোট ছাড়ার ঘোষণা দেয় এবং এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর এক দিন আগে জামায়াত, এনসিপিসহ ১০ দল তিনটি আসন উন্মুক্ত রাখাসহ মোট ২৫০ আসনে সমঝোতার ঘোষণা দেয়। ওই সমঝোতায় ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখার কথা বলা হয় এবং কয়েকটি উন্মুক্ত আসনে জোটভুক্ত একাধিক দলের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তে একমত না হয়ে ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। তবে জোট ভাঙলেও চরমোনাই পীরের ভাই ফয়জুল করীমের ক্ষেত্রে সৌহার্দ্য ও রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে অবস্থান বজায় রাখল জামায়াতে ইসলামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *