দেশ গড়তে সঠিক মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান তারেক রহমানের
দেশ গড়তে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দায়িত্ব শুধু রাজনৈতিক নেতাদের নয়, সাধারণ ভোটারদেরও।
মঙ্গলবার রাতে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্ধারিত সময়ের কিছুটা পরে রাত ১১টা ৪৫ মিনিটে মঞ্চে উঠে রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. যোবায়দা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দেশ গড়তে সঠিক মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান তারেক রহমানের….
তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে গাজীপুরের মানুষের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই স্বৈরাচারের বিদায় ঘটেছে। এখন সময় দেশ গড়া এবং মানুষের ভাগ্য পরিবর্তনের।
বক্তব্যের শুরুতে তিনি গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করীম রনিকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, দেশের মানুষের জন্য বাস্তব ও দৃশ্যমান উন্নয়ন বিএনপিই করেছে। গাজীপুরকে দেশের অন্যতম শিল্পাঞ্চল উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস শিল্পের ভিত্তি গড়ে তুলেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপি, যেখানে আজ লাখো নারী-পুরুষ কাজ করছেন।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গাজীপুরে বহুমুখী শিল্প স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, গাজীপুর নগরীর রাজবাড়ী রোড রেলক্রসিংয়ে একটি ওভারব্রিজ নির্মাণ করে বিআরটি প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি কমবে। পাশাপাশি খাল পুনঃখনন ও দূষণমুক্তকরণ, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন এবং হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত না করলে দেশ এগোবে না বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তারেক রহমান এবং তাঁদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
বক্তব্যের এক পর্যায়ে শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে তিনি গাজীপুর রাজবাড়ীতে বসবাস করেছেন। রাজবাড়ী মাঠের সঙ্গে তাঁর শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, গাজীপুরের মানুষের কাছে তাঁর বিশেষ দায়িত্ববোধ রয়েছে। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা
