নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত
নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
ভারতের প্রধান কূটনৈতিক মিশন ঢাকায় অবস্থিত। এ ছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব সবকটি মিশন থেকেই কূটনীতিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত…
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সিদ্ধান্ত নেওয়া হলেও বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো স্বাভাবিকভাবেই খোলা থাকবে। কূটনৈতিক ও দাপ্তরিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।
তারা আরও জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কেবল পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে; এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বা চলমান কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এ সিদ্ধান্তকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
