Uncategorized

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের কিশোরীরা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।

একই দিনে ভুটানকে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ….

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। খেলার তৃতীয় মিনিটেই মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে মনোযোগী হলেও বিরতির আগে আবারও আঘাত হানে বাংলাদেশ। যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণভাগ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। এরপর ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়াল সাত।

এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, দুবারই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ আসরে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হয়, আর ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এবারও সেই চেনা মঞ্চে আরেকটি উত্তেজনাপূর্ণ শিরোপা লড়াই অপেক্ষা করছে লাল-সবুজের কিশোরীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *