Tuesday, February 24, 2026
Latest:
Uncategorized

পাকিস্তানে বাড়ছে বাংলাদেশি রোগীর সংখ্যা, জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইটের সম্ভাবনা

পাকিস্তানে বাড়ছে বাংলাদেশি রোগীর সংখ্যা, জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইটের সম্ভাবনা

পাকিস্তানে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান হাইকমিশনার।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচল সহযোগিতা জোরদারের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা খাতে পারস্পরিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই মত দেন, এসব খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ খুঁজছেন।

তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময়ও আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক বিষয়ে পড়াশোনার সুযোগ নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে।

চিকিৎসা সহযোগিতার বিষয়ে হাইকমিশনার জানান, পাকিস্তানে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাংলাদেশি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে চিকিৎসা প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তিনি বলেন, সফর, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় এবং জনগণ-পর্যায়ের যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সাফল্যের জন্য।

এ সময় তিনি বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন, হাইকমিশনার ইমরান হায়দারের মেয়াদে দুই দেশ নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা অনুসন্ধান করবে।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *