বিশ্বকাপের খুব কাছে বাংলাদেশ, শুধু সময়ের অপেক্ষা
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পা রাখার দ্বারপ্রান্তে বাংলাদেশ। বাছাইপর্বে একের পর এক দাপুটে পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। টানা পঞ্চম জয়ে সুপার সিক্সের শুরুতেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে লাল-সবুজের দল।
বুধবার নেপালের মুলপানিতে সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি—দলীয় মাত্র ১২ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান সাজঘরে। তবে চাপের মুহূর্তে হাল ধরেন সোবহানা মোস্তারি ও জুয়াইরা ফেরদৌস। তৃতীয় উইকেটে তাঁদের ১১০ রানের অনবদ্য জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বিশ্বকাপের খুব কাছে বাংলাদেশ, শুধু সময়ের অপেক্ষা….
ঝরঝরে ব্যাটিংয়ে ৪২ বলে ৫৯ রান করেন মোস্তারি, আর জুয়াইরা ফেরদৌস তুলে নেন ৪৫ বলে ৫৬ রান। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানথাম ৪৬ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও অন্য ব্যাটাররা তাল মেলাতে পারেননি। বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দেন মারুফা আক্তার—৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন থাই ব্যাটিং লাইনআপ। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত ১২৬ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস।
এই জয়ে বাছাইপর্বে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে (রুলস অনুযায়ী) ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে উঠতে এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডস যদি যুক্তরাষ্ট্রকে হারায়, তাহলে আজই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট। আর তা না হলেও পরবর্তী দুই ম্যাচের একটিতে জয় কিংবা কোনো ম্যাচ পরিত্যক্ত হলেই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।
