বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যেই পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
নেতৃত্বে সালমান আলী আঘা, দলে অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য বয়কটের গুঞ্জনের মধ্যেই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন বৈশ্বিক এই আসরে পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আঘা।
রোববার সকালে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। এ সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা এবং হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন।
ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকটি চমক রয়েছে। অধিনায়ক সালমান আঘা ছাড়াও ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক—এই প্রথম কোনো আইসিসি মেগা ইভেন্টে সুযোগ পেলেন।
বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যেই পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা…
অন্যদিকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে দলটির ভারসাম্য ও শক্তি বজায় রাখা হয়েছে। আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থাকা নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ দলে বাড়তি গভীরতা যোগ করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
এদিকে স্কোয়াড ঘোষণার পাশাপাশি বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি গ্রহণ না করায় বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের এই অবস্থানের পর পাকিস্তানও একই পথে হাঁটতে পারে—এমন গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ বয়কট করলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন।
এ প্রসঙ্গে পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে তিনি তা পূর্ণ সমর্থন করবেন। টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, “বাংলাদেশ ন্যায্য ও শক্ত অবস্থান নিয়েছে। সিদ্ধান্তটি কঠিন হলেও আমি এর পক্ষে থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটিই সঠিক হবে।”
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের ম্যাচগুলো ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
