মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত এবং এর মধ্যে ডিজেলের পরিমাণই সবচেয়ে বেশি।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন ডিজেল মজুদ রয়েছে। এছাড়া অকটেনের মজুদ রয়েছে প্রায় ১০ হাজার ৫০০ টন এবং পেট্রল রয়েছে ১৬ হাজার টন।
তিনি আরও জানান, চলতি এপ্রিল মাসে নতুন করে আরও জ্বালানি তেল দেশে আসবে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও স্থিতিশীল করবে।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি জানান, গত মাসে সরকার দাম বাড়ায়নি। তবে আগামী মে মাসের জন্য জ্বালানির মূল্য নির্ধারণ নিয়ে কাজ চলছে। প্রয়োজন হলে এবং মন্ত্রিপরিষদের আলোচনার ভিত্তিতেই কেবল দাম সমন্বয় করা হবে বলে উল্লেখ করেন তিনি।
