Uncategorized

শীত উপেক্ষা করে সিলেটে বিএনপির জনসভায় রাতভর নেতাকর্মীদের অবস্থান, আজ বক্তব্য দেবেন তারেক রহমান


সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ বৃহস্পতিবার বিএনপির বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর এই জনসভাকে কেন্দ্র করে তীব্র শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

দলীয় সূত্র জানায়, আজ বেলা ১১টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে সিলেট ও আশপাশের জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাত ১০টার পর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও দূরবর্তী উপজেলা থেকে বাসযোগে নেতাকর্মীরা এসে মাঠে অবস্থান নিতে শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, অনেকেই রাত কাটানোর প্রস্তুতি নিয়ে মাঠে অবস্থান করছেন। কেউ শামিয়ানার নিচে, কেউ খোলা আকাশের নিচে থেকে স্লোগান দিচ্ছেন—ধানের শীষ, বিএনপি ও তারেক রহমানের নামে। নিজ নিজ গ্রুপে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং সাংগঠনিক আলোচনা চালাচ্ছেন।

শীত উপেক্ষা করে সিলেটে বিএনপির জনসভায় রাতভর নেতাকর্মীদের অবস্থান, আজ বক্তব্য দেবেন তারেক রহমান…

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, নেতাকর্মীদের জন্য মাঠে রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “শীত উপেক্ষা করে ৮ থেকে ১০ ঘণ্টা আগেই নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছেন। এটা দলের প্রতি তাঁদের ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।”

এর আগে বুধবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরে জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে রাতেই তিনি নগরের একটি হোটেলে ফিরে যান।

স্থানীয় বিএনপি জানিয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আজকের জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। প্রায় দুই দশক পর সিলেটে এসে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটান এবং গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।

বিএনপির রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে সিলেট থেকে প্রচারণা শুরু করতেন।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভা করার পরিকল্পনাও রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *