Uncategorized

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত, আহত তিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা আব্দুল মোতালেব র‌্যাব–৭-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় র‌্যাবের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে। র‌্যাব–৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ সন্ত্রাসী সংঘবদ্ধভাবে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাবের চার সদস্য রক্তাক্ত অবস্থায় আহত হন।

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত, আহত তিন…

পরে থানার পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন র‌্যাব সদস্য বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কর্মকর্তার ময়নাতদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, প্রায় তিন হাজার ১০০ একর আয়তনের জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি পাহাড় ও খাসজমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই অঞ্চলটি পাহাড়খেকো ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

এর আগেও জঙ্গল সলিমপুরে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বছরের অক্টোবরে সেখানে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। ওই ঘটনার পর সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুই সাংবাদিক। ২০২৩ সালের সেপ্টেম্বরে উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ সালেও র‌্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী তৎপরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *