হলুদ বিক্রি করতে হাটে যাওয়ার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ৫ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা ওঁরাওয়ের ছেলে সঞ্জু ওঁরাও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।
থানা-পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপুর গ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন ওই পাঁচ কৃষক। ভ্যানটি শিবপুর পাটকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
হলুদ বিক্রি করতে হাটে যাওয়ার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ৫ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের…..
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, পাহান জনগোষ্ঠী বাংলাদেশের উত্তরাঞ্চল—বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা মূলত মুন্ডা জনগোষ্ঠীর অংশ। অপরদিকে ওঁরাও নৃগোষ্ঠী দক্ষিণ এশিয়ার একটি প্রাচীন জনগোষ্ঠী, যাদের প্রধান পেশা কৃষিকাজ। নিহত পাঁচজনই জীবিকার তাগিদে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
