Wednesday, February 25, 2026
Latest:
Uncategorized

ভোটের মাধ্যমে বগুড়া বিএনপির ঘাঁটি প্রমাণের আহ্বান তারেক রহমানের

বগুড়ায় পথসভায় বক্তব্য রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।”

তারেক রহমান বলেন, জনগণের ভোটে ধানের শীষ প্রতীক যতবার সরকার গঠনের সুযোগ পেয়েছে, প্রতিবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। তিনি মোকামতলাবাসীর উদ্দেশে বলেন,
“আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

পথসভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমও বক্তব্য দেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ার (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় বগুড়ার বিভিন্ন স্থানে পথের দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

একই দিনে বগুড়ার নাজ গার্ডেনের বলরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন,
“প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন, আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, যা অনেক সময় আমাদের মধ্যেও নেই। তাই যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।”

সকাল ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন,
“আমরা সবাই মিলে বাংলাদেশ গড়বো—এমন একটি বাংলাদেশ, যেখানে প্রত্যেক মানুষ সমান মর্যাদা পাবে। প্রতিবন্ধীদের জন্য সব ক্ষেত্রে সুযোগ তৈরি করা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন পর বগুড়ায় এসে তিনি আনন্দিত। বক্তব্যের শুরুতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

ভোটের মাধ্যমে বগুড়া বিএনপির ঘাঁটি প্রমাণের আহ্বান তারেক রহমানের…….

ডা. জুবাইদা রহমান বলেন,
“প্রতিবন্ধী শিশুরাও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক।”

তিনি জানান, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে, যা সুযোগ পেলে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী শিশুরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান পরিবেশন করে এবং নিজেদের তৈরি উপহার তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *