১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেন, “আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে বসবাসরত মানুষের জন্য পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের মারাত্মক সংকট রয়েছে। তিনি বলেন, “এই এলাকায় সরকারি হাসপাতাল নেই, সরকারি হাই স্কুলও নেই। মাত্র ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল।”
তিনি আরও জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকার প্রায় ৬০ শতাংশ সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। “মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে। বাকি ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা ও খালের ওপর নির্ভরশীল,”—বলেন তিনি।
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম….
ঢাকা-১১ আসনের রামপুরা খাল ও শাহজাদপুর খালসহ বিভিন্ন জলাশয় দখল ও ভরাটের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, এসব খাল এখন আর এলাকার মানুষের কোনো উপকারে আসছে না। নদী দখল করে বালু ফেলা হয়েছে, ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-১১ এলাকায় উন্নয়ন না হওয়ার পেছনে মূল কারণ রাজনৈতিক। “এই এলাকার বড় সমস্যা হলো ভূমিদস্যু। শত শত মানুষের জমি, খাস জমি ও সাধারণ জলাশয় দখল করে ভরাট করা হয়েছে। এর ফলে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে,”—বলেন তিনি।
