ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতিতে কেএমপি: নিরপেক্ষতার অঙ্গীকার কমিশনারের
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ পুলিশ একটি ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে তিনি পুলিশ সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর বয়রায় কেএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন কমিশনার।
ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতিতে কেএমপি: নিরপেক্ষতার অঙ্গীকার কমিশনারের….
তিনি বলেন, অতীতে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। আসন্ন নির্বাচন সেই আস্থা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। কোনো ধরনের চাপ, হুমকি বা প্রভাবের কাছে নতিস্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। প্রয়োজনে নিজে মাঠে থেকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন।
কমিশনার আরও বলেন, খুলনা মহানগরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে সহযোগিতাপূর্ণ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, তা ইতিবাচক। এই পরিবেশকে কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের জন্য উৎসবমুখর ও নিরাপদ ভোটদানের পরিবেশ নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের দৃষ্টি এখন ভোটের দিকে। বিভিন্ন গণমাধ্যমে রেলস্টেশন ও মহাসড়কে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে, ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। ঈদের সময় যেমন মানুষ ঘরে ফেরে, তেমনি নির্বাচনের আগে লাখ লাখ মানুষ নিজ নিজ এলাকায় ফিরছে ভোট দিতে—এটি মানুষের আস্থারই প্রতিফলন।
জনগণের এই আস্থা ধরে রাখাকে পুলিশের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে সক্রিয় থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।
ব্রিফিং প্যারেডে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
