আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পরপরই সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দেন। সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে তিনি লেখেন,
“সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড—যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…”
তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তৃণমূল পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শুরু করতে যাচ্ছে দলটি।
কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই এনসিপির এই উদ্যোগ।
