Uncategorized

১৪ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

দেশজুড়ে চলমান আষাঢ়ের বৃষ্টিপাত আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

১৪ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, টানা পাঁচ দিন বৃষ্টির আভাস………..

এদিকে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। কোথাও কোথাও মাঝারি, ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা আরও অবনতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং সেখানে বায়ুচাপের তারতম্য বেশি থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে এলেও এর প্রভাব এখনো দেশের আবহাওয়ার ওপর বিদ্যমান রয়েছে।

শনিবার ও রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

বুধবার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। এছাড়া যশোরে ১৯৯ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ১৭৫, খুলনায় ১৩০, চট্টগ্রামে ১১৯, বান্দরবানে ১০৫, বরিশালে ৯১ এবং নোয়াখালীর হাতিয়ায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও দমকা হাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *