শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের
সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে এ অনুরোধ জানানো হয়।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের…………
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে।
সরকার জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি সম্প্রচার কিংবা ধারণকৃত ভিডিও বা অডিও আকারে—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং সেগুলো বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন—এমন প্রত্যাশা সরকারের।
