সেহরির সময় ফেসবুকে আমির হামজার বার্তা, মুহূর্তেই ভাইরাল
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সেহরির সময় দেওয়া এক ফেসবুক পোস্টে সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এ বার্তাটি প্রকাশের পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে।
পোস্টে তিনি দেশবাসী ও তার সব শ্রেণির সমর্থকদের উদ্দেশে বিনীত অনুরোধ জানিয়ে বলেন, তাকে নিয়ে কোথাও কটূক্তি বা সমালোচনা হলে তার জবাবে যেন কেউ খারাপ ভাষা ব্যবহার না করেন। তিনি লেখেন, “আমাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলবেন না।”
সমর্থকদের প্রতি তিনি আরও পরামর্শ দেন—কোনো সমালোচনা হলে তা ধৈর্য ও যুক্তির মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে; আর তা সম্ভব না হলে নীরব থাকাই উত্তম।
সেহরির সময় ফেসবুকে আমির হামজার বার্তা, মুহূর্তেই ভাইরাল…..
সমালোচকদের প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে এই সংসদ সদস্য জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন। তার ভাষায়, “মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য।” তিনি আল্লাহর ওপর ভরসা রেখে বলেন, সত্য শেষ পর্যন্ত মিথ্যার ওপর বিজয়ী হবেই।
ভোররাতে প্রকাশিত পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক সাড়া ফেলে। মাত্র তিন ঘণ্টায় পোস্টটিতে প্রায় ৬২ হাজারের বেশি প্রতিক্রিয়া, চার হাজারেরও বেশি মন্তব্য এবং প্রায় ১ হাজার ২০০ শেয়ার জমা পড়ে। ফলে অল্প সময়েই এটি ভাইরালে পরিণত হয়।
রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে আমির হামজার এ সংযত বার্তা তার সমর্থক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।
