হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১,২১৪
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।
একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১,২১৪…..
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ২৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১১০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে সচেতনতা গুরুত্বপূর্ণ।
