বাংলাদেশ

সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় গুরুতর আহত পোশাক ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪…

নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের বাসিন্দা। তিনি সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ রহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সাভারের আউকপাড়া এলাকায় শ্রমিক অসন্তোষ চলাকালে বহিরাগতদের হামলার শিকার হন সেলিম। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। ওই দিন আশপাশের কয়েকটি কারখানায় হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি বিবেচনায় ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন্ট সুজ লিমিটেডসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এ সময় হঠাৎ এক ব্যক্তি লোহার রডজাতীয় বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। হামলাকারীরা একই কারখানার আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমনকে (২৫) মারধর করেন।

হামলায় গুরুতর আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সেলিমের বাবা মোহাম্মদ রহিম বলেন, ‘সেদিন কারখানায় ছুটি দেওয়ার পর ১০ থেকে ১২ জন ছেলে এসে শ্রমিকদের ওপর হামলা করে। এতে তিনজন আহত হয়। তবে আমার ছেলেই সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল। লোহার মতো কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এরপর থেকেই সে অচেতন ছিল। গত রাতে ঢাকা মেডিকেলে মারা গেছে। এখন ছেলের মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাচ্ছি।’

ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা জানান, মাথায় আঘাত পাওয়ার পর থেকেই সেলিম অচেতন ছিলেন। তাঁকে বাঁচাতে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে তাঁর মৃত্যু হয়েছে। হামলায় আহত অপর দুই শ্রমিক বর্তমানে সুস্থ রয়েছেন।

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান জানান, গত ৭ নভেম্বর এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।