বাংলাদেশ

প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীর বাড়ি ছেড়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫……

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটিয়াপুর গ্রামের এক তরুণের সঙ্গে হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার রাতে ওই তরুণের সঙ্গে বাড়ি ছাড়েন তরুণী। পরে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিয়ে করেন।

তবে এ বিয়েকে ঘিরে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। তরুণীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গেছেন ওই তরুণ। অন্যদিকে তরুণের পরিবারের দাবি, কোনো জোরজবরদস্তি বা প্রলোভনের ঘটনা ঘটেনি; দীর্ঘদিনের সম্পর্কের কারণে তরুণী স্বেচ্ছায় তার প্রেমিকের সঙ্গে চলে গেছেন।

জানা গেছে, বিয়ের বিষয়টি জানানো এবং দুই পরিবারের মধ্যে সমঝোতা করার উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই তরুণের পক্ষের কয়েকজন আত্মীয় তরুণীর বাড়িতে যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তরুণীর পরিবারের লোকজন তরুণের আত্মীয়-স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

এরই জেরে বুধবার বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।