ঈশ্বরদীতে পাঁচ ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ, জামায়াত নেতাদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ
পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় রহিম মন্ডল (শফি) নামে এক স্থানীয় বালু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের জেরে রাতে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ঈশ্বরদীতে পাঁচ ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ, জামায়াত নেতাদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ…….
সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ও আশপাশের এলাকায় দফায় দফায় এসব ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজন হলেন—পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা সবাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের সমর্থক এবং উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে সোমবার বিকেলে অজ্ঞাত কয়েকজন মাজদিয়া এলাকার বালু ব্যবসায়ী রহিম মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি রহিম মন্ডলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার দাবি, রহিম মন্ডল আগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা সরদারের ছত্রছায়ায় বালু ব্যবসা করতেন। সরকার পরিবর্তনের পর তিনি কাকন বাহিনী ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সহযোগিতায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
রহিম মন্ডলের বাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের একটি অংশের কর্মীরা জড়িত—এমন অভিযোগ তুলে মাজদিয়ার পাশের রঙ্গীলা মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় কাকন বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। এতে ছাত্রদলের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হন।
এ ঘটনার পর রাতে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আগুনে মোটরসাইকেলগুলোর পাশাপাশি পবিত্র কোরআন শরিফও পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির একাংশের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে হামলা ও গুলিবর্ষণ করেন। পরে তাঁরা জামায়াত নেতাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালান।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’
অন্যদিকে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রদল নেতারা মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন।
গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। পরে পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রহিম মন্ডল (শফি)-এর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও তিনটি বাড়ি পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেখানে কয়েক দফায় হামলা, গোলাগুলি এবং বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিখোঁজ রহিম মন্ডলের সন্ধান এবং হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
